নির্বাচনে দুই অ্যাপ, অনলাইন মনোনয়ন দাখিল অব্যাহত থাকবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শুরু হওয়া অনলাইনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আরে জানিয়েছেন, স্মার্টফোনের মাধ্যমে ভোটার সাধারণ ও সর্বসাধারণের জন্য দিনব্যাপী কেন্দ্র ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সুবিধার জন্য দুটি ডিজিটাল অ্যাপস সম্প্রতি চালু করেছে কমিশন।
এছাড়াও দৃশ্যমানতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ফুটিয়ে তুলতে এই উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও উঠে এসেছে হাবিবুল আওয়ালের ভাষণে। একইসঙ্গে সব ধরনের উদ্বেগ, উৎকন্ঠা ও অস্বস্তি পরাভূত করে তিনি সবাইকে কেন্দ্রে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারপরও অলংঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি আপনারা সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন।”
সিইসি আরো বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট অথবা কারচুপির প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে। তিনি বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য–প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোটগ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে।
জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের নির্বাচনী অনিয়ম-অনাচার প্রতিহত করার আহ্বান জানান সিইসি।







